গরুর মাংস সবাই খুব পছন্দ করে। আর সেই গরুর মাংসের যদি কালাভুনা করা হয় তো চোখ বন্ধ করে দুই প্লেট ভাত খাওয়া হয়ে যায়। গরুর মাংসের কালাভুনা শুনলেই মুখে পানি চলে আসে। উফ্ গরম ভাতের সাথে খেতে যে কি ভালো লাগে। আর কথা না গরুর মাংসের কালাভুনা অতি সহজেই কিভাবে করবেন তা দেখে নিন....

উপকরণঃ

গরুর মাংস ১ কেজি

পেঁয়াজ বাঁটা ৬ চা-চামচ

রসুন বাঁটা ৪ চা-চামচ

আদা বাঁটা ৩ চা-চামচ

জিরা বাঁটা ৩ চা-চামচ

ধনিয়া বাঁটা ৩ চা-চামচ

পেঁয়াজ কুঁচি ২ কাপ

কাঁচা মরিচ বাঁটা পরিমাণ মত

মরিচ গুঁড়া ২ চা-চামচ

হলুদ গুঁড়া ৩ চা-চামচ

গরম মসলা ( বড় এলাচ, ছোট এলাচ,লবঙ্গ,গোল মরিচ এইগুলা সব)

তেজপাতা

টকদই

লবণ পরিমাণ মত

তেল




রান্নার পদ্ধতিঃ

মাংস গুলো ভালো করে ধুয়ে একটা হাঁড়ির ভেতরে নিন। এবার সব বাঁটা মসলা,তেজপাতা,গরম মসলা,পেঁয়াজ কুঁচি, মরিচ ও হলুদের গুঁড়া, লবণ, টকদই এবং তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিন। এভাবে মেখে ম্যারিনেট করে ২০ মিনিট রাখুন। সামান্য পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিন। এখন ভালো করে কষিয়ে নিন। পানি শুকিয়ে গেলে অল্প করে পানি দিয়ে কষাতে থাকুন। পানি টা গরম পানি দিবেন তাহলে ভালো হবে। বেশ কয়েকবার এভাবে অল্প করে পানি দিয়ে কষান। মাংস নাড়তে নাড়তে যখন ভাজা ভাজা হয়ে যাবে এবং প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন অল্প পরিমাণে পানি দিতে হবে। এখন চুলার আঁচ কামিয়ে দিয়ে রান্না করুন। ঝোল যখন ঘন হয়ে আসবে মানে মাংসের সাথে একদম মাখা মাখা হয়ে যাবে আর মাংসের উপরে তেল উঠে আসবে তখন চুলা বন্ধ করে দিন। মাংসের উপরে জিরা ও গরম মসলার গুঁড়া ছিটিয়ে দিয়ে ঢেকে রাখুন। তৈরি হয়ে গেল অসাধারণ মজাদার গরুর মাংসের কালাভুনা।